শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
সম্প্রতি ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন আরও ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

৮ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি হাসপাতালে অবকাঠামো ও জনবল নিশ্চিত করার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে রোগী ভর্তি সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টদের ধারণা।
