স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। দেশের বিভিন্ন পর্যায়ের জনগন স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনা সহ, দেশের চিকিৎসা গ্রহণের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
তথ্যসূত্রঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম