মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
World Health Organization

প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

Editorপ্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৭:১৯ · ৩ মিনিটে পড়ুন
প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
লেখার আকার

ইনসুলিন  আবিষ্কারের ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষ এখনো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ইনসুলিন ও চিকিৎসাসেবা পাচ্ছেন না। টাইপ-১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে বেঁচে থাকার জন্য আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন ইনসুলিন গ্রহণ করতে হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করেছে। এসব গাইডলাইনে এমন কিছু সুপারিশ করা হয়েছে, যা স্বল্প সম্পদসম্পন্ন এলাকা, জরুরি পরিস্থিতি এবং মানবিক সংকটসহ সব ধরনের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রয়োগ করা সম্ভব।

২০২৫ সালে বিশ্বব্যাপী প্রায় ৯৫ লাখ মানুষ টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। একই বছরে নতুন করে আরও প্রায় ৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সাধারণত টাইপ-১ ডায়াবেটিসকে শিশুদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এ রোগের প্রকোপ ক্রমাগত বাড়ছে।

নতুন এই গাইডলাইনে WHO সুপারিশ করেছে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন কয়েকবার ইনসুলিন ইনজেকশন নিতে হবে এবং রক্তে গ্লুকোজের মাত্রা অনুযায়ী ইনসুলিনের ডোজ সমন্বয় করতে হবে। মানবদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন ইনসুলিনের মতো কাজ করে এমন কৃত্রিমভাবে তৈরি হিউম্যান ইনসুলিন একটি উপযুক্ত ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। প্রয়োজন অনুযায়ী অন্যান্য ধরনের ইনসুলিনও ব্যবহার করা যেতে পারে।

গাইডলাইনে নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতাল বা ক্লিনিকে কয়েক মাসের গড় রক্তে শর্করার মাত্রা নির্ণয়ের জন্য নিয়মিত রক্ত পরীক্ষা করা যেতে পারে। বাড়িতে রোগীরা আঙুলে সুচ ফুটিয়ে রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে অথবা ত্বকে লাগানো ছোট সেন্সরের সাহায্যে ক্রমাগত গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন। তবে রক্তে গ্লুকোজ পরীক্ষার সুযোগ না থাকলে প্রস্রাবে গ্লুকোজ পরীক্ষার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

নতুন এই গাইডলাইনে ২০৩০ সালের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত সব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইনসুলিন চিকিৎসা এবং নিজের রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে WHO-এর গৃহীত উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

এসব সুপারিশ বাস্তবায়নে দেশগুলোকে সহায়তা করার জন্য WHO প্রয়োজনীয় ব্যবহারিক উপকরণ ও অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি ডায়াবেটিসবিষয়ক কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি পর্যায়ে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

২০২৬ সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হলো ‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ গ্রহণ’ (Early Action on Diabetes)।

ডায়াবেটিসের কারণে অন্ধত্ব, কিডনি বিকল হওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পায়ের নিম্নাংশ কেটে ফেলার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। ১৯৯০ সালের পর থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিসের বোঝা চার গুণেরও বেশি বেড়েছে। ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ৮৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যাদের অধিকাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছিলেন।

এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশেরও বেশি মানুষ জানেন না যে তাঁরা এই রোগে আক্রান্ত। ফলে তাঁদের অনেকেই রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন।

গাইডলাইন ডাউনলোড লিংক: https://www.who.int/publications/i/item/9789240126244

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

রেফারেন্স: https://www.who.int/news/item/14-11-2026-who-issues-first-guidelines-on-type-1-diabetes-for-adults

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল চিলি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে চিলি কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক (Rabies) জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি দেশটির ৫০ বছরেরও বেশি সময় ধরে মানবদেহে কুকুর-সংক্রমিত জলাতঙ্কের কোনো…

১৬ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বজনীন স্বাস্থ্যসেবা অগ্রগতিতে অংশীদারত্ব নবায়ন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কমনওয়েলথ সচিবালয়

১৫ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং কমনওয়েলথ সচিবালয় আজ চার বছরের জন্য তাদের সমঝোতা স্মারক (MoU) নবায়নের মাধ্যমে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য দেশের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত…

১৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।