সোমবার, ১৩ জুলাই, ২০২৬
চিকিৎসকদের অবহেলায় এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে অভিযোগে নেত্রকোনা জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালান স্বজন ও স্থানীয় লোকজন। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। যদিও রোগীর মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে।
ওই ইজিবাইকচালকের নাম সজীব মিয়া (২৩)। তিনি নেত্রকোনা পৌর শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে।
স্বজনদের অভিযোগ, পেটের ব্যথা ও বমি নিয়ে রোববার সন্ধ্যায় সজীবকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক সুজন পাল যথাযথ চিকিৎসা দিতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সজীব মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হন। একপর্যায়ে তাঁরা জরুরি বিভাগ ও হাসপাতালে ভাঙচুর চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বিক্ষুব্ধ স্বজনদের শান্ত করা হয়।
