রবিবার, ১২ জুলাই, ২০২৬
রাজধানীর শ্যামলী এলাকায় গভীর রাতে এক অ্যাম্বুলেন্স ও চালককে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করেছেন ডেল্টা মেডিকেল কলেজের সাতজন শিক্ষার্থী। গতকাল (১১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে বাসায় ফিরতে গিয়ে ওই শিক্ষার্থীরা দেখতে পান, কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে এক অ্যাম্বুলেন্সের চালককে জিম্মি করার চেষ্টা করছে। এসময় তারা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পিছু হটে যায়। চালক ও অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।
তবে কিছুক্ষণের মধ্যেই ছিনতাইকারীদের সাথে আরো ১০–১৫ জন জড়ো হয়ে উদ্ধারকারী শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তারা জাতীয় জরুরি সেবা বাতায়ন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার জন্য শিক্ষার্থীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ছিনতাইকারীরাও তাদের অনুসরণ করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে তারা পুনরায় পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়।
তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট মেডিকেল শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। তাদের দাবি, ছিনতাইকারীরা তাদের শনাক্ত করে থাকতে পারে এবং ভবিষ্যতে যেকোন সময়ে হামলা করতে পারে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
প্ল্যাটফর্ম টুডে/
