প্ল্যাটফর্ম নিউজ, ২৯শে ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার
গত ২৫শে ডিসেম্বর মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ৩৯তম বিসিএস কর্মকর্তা ডা. চিরঞ্জীব সরকার টুটুল এর উপর নৃশংস হামলা, সরকারি প্রতিষ্ঠান ভাংচুর, সরকারি কর্মকর্তাদের উপর আক্রমণ করা এবং সরকারি কার্যে বাধাদানের প্রতিবাদে গতকালও টানা দ্বিতীয় দিনের মতো জামালপুর জেলা সদর হাসপাতালে ধর্মঘট চলেছে। তাদের সাথে একাত্মতা পোষণ করে জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সেও চিকিৎসকরা বন্ধ রেখেছেন বহির্বিভাগ সেবা। তবে জনগণের ভোগান্তি এড়াতে চলমান রয়েছে জরুরী সেবা কার্যক্রম। চিকিৎসকরা জানান, হাসপাতালের জরুরী সেবা এবং ভর্তিকৃত রোগীদের সেবা চলমান রয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বিএমএ এবং স্বাচিপের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।