মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি চিকিৎসাসেবার পরিধি বাড়াতে কোম্পানি আইনের অধীনে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি গঠনের ক্ষমতা দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে বিলটি নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা। কিন্তু কণ্ঠভোটে দুই প্রস্তাবই নাকচ হয়। এরপর বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, এর মাধ্যমে সরকারি চিকিৎসাসেবা বাণিজ্যিকীকরণের পথ খুলে দেওয়া হচ্ছে। এতে সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে এবং রাষ্ট্রীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনকল্যাণমূলক চরিত্র ক্ষুণ্ন হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, “বিলটির উদ্দেশ্য বিদ্যমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে কোম্পানিতে রূপান্তর করা নয়; বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনার জন্য একটি কার্যকর আইনি কাঠামো তৈরি করা।
“কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয়েছে, যন্ত্রপাতিও এসেছে। দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক এবং জনবল নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দিতে এই আইনি ব্যবস্থা প্রয়োজন। এই লাভ কেউ বাইরে নিতে পারবে না।”
দরিদ্র রোগীরা সেবা পাবেন না, এমন আশঙ্কাও নাকচ করেন তিনি।
