মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি

Editorপ্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৪৩ · ৯ মিনিটে পড়ুন
ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি
লেখার আকার

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ | প্রতিপাদ্য: Early Action on Diabetes (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ)

প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী—‘Early Action on Diabetes’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু করার মাধ্যমে জটিলতা প্রতিরোধে আগেভাগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ। এই প্রতিপাদ্যের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা—ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে রোগের জটিলতা দেখা দেওয়ার আগেই।

আমাদের সমাজে একটি পরিচিত দৃশ্য দেখা যায়। কেউ চোখে ঝাপসা দেখার কারণে, কেউ কিডনির সমস্যায়, কেউ আবার হৃদ্‌রোগ বা পায়ের ক্ষত নিয়ে চিকিৎসকের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁর ডায়াবেটিস ছিল, কিন্তু তিনি তা জানতেন না। আরও দুঃখজনক বিষয় হলো, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে তখনই, যখন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। অথচ সময়মতো একটি সাধারণ রক্তের পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হয়তো তাঁর জীবনের গতিপথ বদলে দিতে পারত।

ডায়াবেটিস: নীরবে বেড়ে ওঠা এক বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (IDF) ২০২৫ সালের Diabetes Atlas-এর ১১তম সংস্করণ অনুযায়ী, বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মধ্যে প্রায় ২৫ কোটি ২০ লাখ মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। ২০৫০ সাল নাগাদ বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।

বাংলাদেশের পরিস্থিতিও উদ্বেগজনক। IDF-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০–৭৯ বছর বয়সী আনুমানিক ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ডায়াবেটিসের অন্যতম উচ্চপ্রবণ দেশ।

এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়; এর প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন মানুষ, একটি পরিবার এবং অনেকগুলো স্বপ্ন। ডায়াবেটিসের কারণে একজন কর্মক্ষম মানুষ কর্মক্ষমতা হারাতে পারেন, একজন মা তাঁর পরিবারের দায়িত্ব পালনে সমস্যায় পড়তে পারেন, কিংবা একজন তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। তাই ডায়াবেটিস মোকাবিলা শুধু চিকিৎসকের দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।

কেন ডায়াবেটিস আগেভাগে শনাক্ত করা জরুরি?

টাইপ-২ ডায়াবেটিস সাধারণত দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বিকশিত হয়। প্রাথমিক পর্যায়ে অধিকাংশ মানুষের কোনো লক্ষণ থাকে না। কেউ স্বাভাবিক জীবনযাপন করেন, নিয়মিত কাজ করেন, এমনকি নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করেন। কিন্তু এ সময়ের মধ্যেই রক্তে অতিরিক্ত গ্লুকোজ রক্তনালি, চোখ, কিডনি, স্নায়ু ও হৃদ্‌যন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

IDF-এর ২০২৬ সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রচারণায় উল্লেখ করা হয়েছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় অর্ধেক মানুষের রোগ নির্ণয়ের সময়ই কোনো না কোনো জটিলতা থাকতে পারে।

অতএব, অসুস্থ বোধ করার জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। বিশেষ করে যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, যাঁদের ওজন বেশি বা পেটে অতিরিক্ত চর্বি জমেছে, যাঁরা শারীরিক পরিশ্রম কম করেন, উচ্চ রক্তচাপ বা রক্তে কোলেস্টেরলের সমস্যা রয়েছে, কিংবা যাঁদের গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে—তাঁদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (ADA) ২০২৬ সালের Standards of Care অনুযায়ী, ঝুঁকির কারণ থাকলে প্রাপ্তবয়স্কদের বয়স নির্বিশেষে পরীক্ষা বিবেচনা করা উচিত। অন্যথায় ৩৫ বছর বয়স থেকে নিয়মিত স্ক্রিনিংয়ের সুপারিশ করা হয়েছে। এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে তুলনামূলক কম BMI-তেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাই শুধু স্থূল ব্যক্তিদের নয়, স্বাভাবিক ওজনের মানুষকেও ঝুঁকি অনুযায়ী পরীক্ষা করতে হবে।

কখন ডায়াবেটিস পরীক্ষা করবেন?

নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করা উচিত নয়:

  • ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে।
  • অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা লাগা।
  • অকারণে ওজন কমে যাওয়া।
  • অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা।
  • চোখে ঝাপসা দেখা।
  • বারবার ত্বক বা প্রস্রাবের সংক্রমণ হওয়া।
  • ক্ষত শুকাতে দেরি হওয়া।

তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ না থাকলেও ডায়াবেটিস থাকতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে উপসর্গের জন্য অপেক্ষা না করে পরীক্ষা করানো প্রয়োজন।

ডায়াবেটিস শনাক্তকরণের জন্য ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ৭৫ গ্রাম গ্লুকোজ গ্রহণের দুই ঘণ্টা পর OGTT এবং HbA1c পরীক্ষা করা যায়। সাধারণভাবে HbA1c ৬.৫ শতাংশ বা তার বেশি, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ৭ mmol/L বা তার বেশি অথবা OGTT-এর দুই ঘণ্টার গ্লুকোজ ১১.১ mmol/L বা তার বেশি হলে ডায়াবেটিসের নির্ণয় করা যায়। সুস্পষ্ট উপসর্গ বা জরুরি হাইপারগ্লাইসেমিক অবস্থা না থাকলে সাধারণত দ্বিতীয় একটি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় নিশ্চিত করতে হয়।

প্রি–ডায়াবেটিস: শেষ সতর্কবার্তা নয়, পরিবর্তনের প্রথম সুযোগ

ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে প্রি-ডায়াবেটিস শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় রক্তে গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু ডায়াবেটিস নির্ণয়ের পর্যায়ে পৌঁছায় না।

অনেকে মনে করেন, প্রি-ডায়াবেটিস কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আবার কেউ কেউ মনে করেন, ওষুধ শুরু না করলে কিছু করার নেই। দুটি ধারণাই ভুল।

প্রি-ডায়াবেটিস শনাক্ত হওয়ার অর্থ হলো, ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়েছে, কিন্তু এখনো প্রতিরোধ বা বিলম্বিত করার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের Diabetes Prevention Program (DPP) গবেষণায় দেখা গেছে, জীবনযাত্রার পরিবর্তন—বিশেষ করে ওজন কমানো ও নিয়মিত শারীরিক পরিশ্রম—টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫৮ শতাংশ পর্যন্ত কমাতে পারে। পরবর্তী দীর্ঘমেয়াদি গবেষণাগুলোতেও জীবনযাত্রার পরিবর্তনের উপকারিতা প্রমাণিত হয়েছে।

তাই প্রি-ডায়াবেটিস ধরা পড়লে ভয় না পেয়ে বরং এটিকে নিজের জীবনযাত্রা পরিবর্তনের একটি মূল্যবান সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।

ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরও কেন দ্রুত চিকিৎসা শুরু জরুরি?

ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর অনেকেই চিকিৎসা শুরু করতে দেরি করেন। কেউ মনে করেন, আপাতত খাবার নিয়ন্ত্রণ করলেই হবে; কেউ আবার ওষুধ শুরু করতে ভয় পান। অনেকে পরিচিত মানুষের পরামর্শে চিকিৎসা বন্ধ বা পরিবর্তন করেন।

কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা বিলম্বিত হলে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত রক্তে গ্লুকোজ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতির ঝুঁকি বাড়ায়।

এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হলো UK Prospective Diabetes Study (UKPDS)। এই গবেষণার দীর্ঘমেয়াদি ফলাফল দেখিয়েছে, সদ্য শনাক্ত টাইপ-২ ডায়াবেটিসে শুরু থেকেই কার্যকর গ্লুকোজ নিয়ন্ত্রণের সুফল বহু বছর পর্যন্ত বজায় থাকতে পারে। ২০২৪ সালে প্রকাশিত UKPDS 91-এর ২৪ বছরের ফলোআপেও প্রাথমিক পর্যায়ে নিবিড় গ্লুকোজ নিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী উপকারিতা পাওয়া গেছে।

এটি চিকিৎসাবিজ্ঞানে ‘Legacy Effect’ নামে পরিচিত। অর্থাৎ রোগের শুরুতেই ভালো নিয়ন্ত্রণ ভবিষ্যতের জটিলতার ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখতে পারে।

তবে চিকিৎসা মানে শুধু রক্তে গ্লুকোজ কমানো নয়। একজন ডায়াবেটিস রোগীর রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির কার্যকারিতা, চোখের রেটিনা, পায়ের স্নায়ু ও রক্তনালি—সবকিছুর নিয়মিত মূল্যায়ন প্রয়োজন। বর্তমানে ADA নির্দেশিকায় রোগীর ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী গ্লুকোজ কমানোর পাশাপাশি হৃদ্‌রোগ ও কিডনি সুরক্ষার জন্য উপযুক্ত ওষুধ নির্বাচনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিরোধের জন্য আমাদের প্রতিদিনের পাঁচটি পদক্ষেপ

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সব সময় ব্যয়বহুল চিকিৎসা বা জটিল ব্যবস্থা প্রয়োজন হয় না। প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তনই বড় পার্থক্য তৈরি করতে পারে।

১. ওজন নিয়ন্ত্রণ করুন: অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের চর্বি কমানো জরুরি। যাঁদের ওজন বেশি, তাঁরা প্রাথমিকভাবে ৫–৭ শতাংশ ওজন কমানোর লক্ষ্য রাখতে পারেন।

২. নিয়মিত হাঁটুন: সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটা একটি ভালো শুরু হতে পারে।

৩. খাবারে সচেতন হোন: পরিমিত ভাত ও শর্করা গ্রহণ, পর্যাপ্ত শাকসবজি, ডাল, আঁশযুক্ত খাবার এবং উপযুক্ত প্রোটিন গ্রহণ করুন। মিষ্টি পানীয়, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন। কোনো একটি খাবার সম্পূর্ণ নিষিদ্ধ করার চেয়ে সুষম খাদ্যাভ্যাস বেশি গুরুত্বপূর্ণ।

৪. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন: বয়স, পারিবারিক ইতিহাস ও অন্যান্য ঝুঁকির ভিত্তিতে রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন। প্রি-ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করুন।

৫. চিকিৎসা নিয়মিত চালিয়ে যান: ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, খাদ্যাভ্যাস ও ব্যায়াম চালিয়ে যান। নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করবেন না। মনে রাখবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের অর্থ শুধু একটি HbA1c রিপোর্ট ভালো রাখা নয়; দীর্ঘমেয়াদে সুস্থ থাকা এবং জটিলতা প্রতিরোধ করাই মূল লক্ষ্য।

টাইপ–১ ডায়াবেটিসেও শুরতেই পদক্ষেপ জীবন বাঁচাতে পারে

ডায়াবেটিস বলতে আমরা অনেক সময় শুধু টাইপ-২ ডায়াবেটিসকে বুঝি। কিন্তু টাইপ-১ ডায়াবেটিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষেত্রে অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, দ্রুত ওজন কমে যাওয়া ও দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিনের অভাবে দ্রুত ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (DKA) হতে পারে, যা জীবনসংকট তৈরি করতে পারে। তাই শিশু বা তরুণদের এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা জরুরি। যথাসময়ে রোগ শনাক্ত এবং ইনসুলিন শুরু করলে জীবন বাঁচানো সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের ভূমিকা

ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির রোগ নয়; এটি একটি পরিবারের জীবনযাত্রার সঙ্গেও জড়িত। পরিবারের একজন সদস্য ডায়াবেটিসে আক্রান্ত হলে তাঁকে আলাদা করে না দেখে পরিবারের সবার খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা উচিত।

স্কুল, কলেজ, কর্মক্ষেত্র ও কমিউনিটি পর্যায়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। কর্মক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, হাঁটার সুযোগ, স্বাস্থ্যকর খাবার এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করা দরকার।

বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে স্ক্রিনিং সহজলভ্য করা, প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

আরেকটি বিষয় মনে রাখা জরুরি—ডায়াবেটিস কোনো অপরাধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। রোগীকে দোষারোপ বা সামাজিকভাবে বিব্রত না করে তাঁর পাশে দাঁড়াতে হবে। মানসিক সমর্থন, পরিবারের সহযোগিতা এবং চিকিৎসকের সঙ্গে সুসম্পর্ক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকের সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের সুরক্ষা

একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে প্রতিদিন এমন অনেক রোগী দেখি, যাঁরা মনে করেন ডায়াবেটিস মানেই জীবনের আনন্দ শেষ হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময়ে শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং যথাযথ ফলোআপের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও দীর্ঘ, কর্মক্ষম ও সুন্দর জীবনযাপন সম্ভব।

আমাদের মনে রাখতে হবে, ডায়াবেটিসের ক্ষেত্রে দেরি করে চিকিৎসা শুরু করার মূল্য অনেক সময় চোখের দৃষ্টি, কিডনির কার্যকারিতা, হৃদ্‌যন্ত্রের সুস্থতা কিংবা একটি অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা দিয়ে দিতে হয়।

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসে আসুন, আমরা একটি সামাজিক অঙ্গীকার করি—নিজে সচেতন হব, পরিবারের সদস্যদের সচেতন করব এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সময়মতো ডায়াবেটিস পরীক্ষা করতে উৎসাহিত করব।

অসুস্থ হওয়ার অপেক্ষা নয়, সুস্থ থাকতেই সচেতন হোন।

মনে রাখবেন, ডায়াবেটিসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আজই পরীক্ষা করুন, ঝুঁকি জানুন, প্রয়োজনে চিকিৎসা শুরু করুন। কারণ আগেভাগে নেওয়া একটি ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় জটিলতা প্রতিরোধ করতে পারে।

লেখক: ডা. মো. মাহমুদ হাসান
কনসালট্যান্ট, এন্ডোক্রাইনোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।