১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং কমনওয়েলথ সচিবালয় আজ চার বছরের জন্য তাদের সমঝোতা স্মারক (MoU) নবায়নের মাধ্যমে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য দেশের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমনওয়েলথের মহাসচিব অনারেবল শার্লি বটচওয়ে এবং WHO-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
নবায়ন করা এই অংশীদারত্ব কমনওয়েলথভুক্ত দেশগুলোকে আরও শক্তিশালী, সহনশীল এবং ন্যায়ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করার অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করে। নতুন সমঝোতা অনুযায়ী, দুই সংস্থা চারটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে:
* উদ্ভাবন ও ডিজিটাল স্বাস্থ্য সমাধানের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা (UHC) অর্জনের লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার মৌলিক সক্ষমতা শক্তিশালী করা।
* বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ নীতিমালায় স্বাস্থ্য নির্ধারক বিষয়গুলো এবং অসুস্থতার মূল কারণগুলো মোকাবিলা করা।
* স্বাস্থ্যসেবার আওতা বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য বৈষম্য ও লিঙ্গ বৈষম্য কমানো।
* জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।
বর্তমানে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘস্থায়ী বৈষম্যের অভূতপূর্ব সমন্বিত চ্যালেঞ্জের মুখে এই নবায়নকৃত অংশীদারত্ব জাতীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরেছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
রেফারেন্স: https://www.who.int/news/item/15-09-2026-who-and-commonwealth-secretariat-renew-partnership-to-strengthen-health-systems-and-advance-universal-health-coverage
