রোগীর মূত্রথলি থেকে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। অস্ত্রোপচার করা চিকিৎসকদের দাবি―মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিশাল ওজনের পাথর অপসারণটি সবচেয়ে বড় হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে গত সপ্তাহে অস্ত্রোপচারটি করা হয়েছে। ৫৫ বছর বয়সী রোগী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় প্রস্রাব করতে সমস্যা হওয়ার বিষয়টি নজরে আসে চিকিৎসকদের। তারপর পরীক্ষা-নিরীক্ষায় মূত্রথলিতে পাথর শনাক্ত হয়।