বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে অন্য রোগীর জন্য আনা জলাতঙ্কের ভ্যাক্সিন দিয়েছে কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) আবু ইউসুফ।

জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা নিতে জরুরি বিভাগে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম উভয় রোগীকে পৃথক চিকিৎসাপত্র দেন। কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে জলাতঙ্কের ভ্যাক্সিন পুশ করেন।
এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম জানান, তারা কোনো কিছু বলার আগেই আবু ইউসুফ অন্য রোগীর কুকুরের ভ্যাকসিন তার মেয়েকে দিয়ে দেন। শিশুটির শরীরে প্রচন্ড জ্বর রয়েছে এবং ভুল চিকিৎসার কারণে তার ক্ষতি হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আবু ইউসুফ জানান, তিনি ভুল করে অন্য রোগীর ভ্যাক্সিন শিশুটিকে দিয়ে দিয়েছেন, তবে এই ভ্যাক্সিনে কোনো ক্ষতি হবে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে এবং অভিযুক্তকে এ বিষয়ে শোকজ করা হবে।
প্ল্যাটফর্ম/
