শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হাসপাতালে ভর্তি, তাকে ইনজেকশন ও স্যালাইন পুশ করা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষার পর অসুস্থ ডাক্তার হাতে ক্যানুলা নিয়েই তার চেয়ারে বসে জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন। একদিকে নিজের শরীরে স্যালাইন চলছে অপরদিকে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। অল্প সংখক চিকিৎসক দিয়ে বিপুল পরিমাণ রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে জরুরি বিভাগের চিকিৎসকদের। দিনে দুই শিফটে প্রায় ১৮ ঘণ্টা করে ডিউটি করতে হয় একজন চিকিৎসককে। আর এ ডিউটি করতে গিয়ে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগের ডা. ইরফান মাহমুদ। এমনকি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
দায়িত্বরত নার্স তাকে ইনজেকশন ও সেলাই পুশ করেন। আর রোগীর চাপ থাকায় স্যালাইন পুশ করা অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দিতে দেখা গেছে তাকে। আর এতেই ফুটে ওঠেছে হাসপাতালের চিকিৎসা সেবার চিত্র। যদিও পরে অন্য একজন চিকিৎসক এসে জরুরি বিভাগের দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র: সময় টিভি

