বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়েছে। এগুলো হলো— বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সাথে সমন্বয়পূর্বক পূর্ববর্তী ছয় দফার সচিবিক প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টার্ন ও ট্রেইনি (রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা) চিকিৎসকদের ভাতা অবিলম্বে বৃদ্ধি, বিএমডিসি অ্যাক্ট-এর ২৯ ধারা কঠোরভাবে প্রয়োগ করে ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধে প্রতিমাসে অন্তত একবার দেশব্যাপী সাঁড়াশি মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
এ ছাড়া রাজপথ ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে অবিলম্বে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ পাসসহ এমবিবিএসের সকল পেশাগত পরীক্ষা এবং স্নাতকোত্তর পর্যায়ের (ফেজ ‘এ’, ‘বি’ ফাইনাল, এফসিপিএস মিডটার্ম বা ফাইনাল) পরীক্ষায় আংশিক উত্তীর্ণ হওয়ার আইনি বিধান প্রণয়ন করতে হবে এবং ছয় দফার অবশিষ্টাংশ দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
মানববন্ধনে চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবিকে উপেক্ষা করার পরিণাম কখনোই শুভ হবে না। স্বাস্থ্যসেবাকে জিম্মি করা আমাদের লক্ষ্য নয়, কিন্তু অধিকার কেড়ে নিয়ে তরুণ চিকিৎসকদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখা যাবে না।’
এ সময় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল এবং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশ নেন।
প্ল্যাটফর্ম টুডে/